সাবেক টেলিকম প্রতিমন্ত্রী পলকের বাড়ি ভাঙচুর
নিজ নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়ায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের বাস ভবনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িতে থাকা জিনিসপত্র জনতা নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
গত মাস থেকেই ইন্টারনেট নিয়ে ভোগান্তি নিয়ে ক্ষিপ্ত ছিলেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। সেনা প্রধান দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়ার পরপরই সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পলকের বাসায় সেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। বেলা পৌনে ৫টার কিছু পরে সেখান থেকে বিক্ষুব্ধ জনতা জুনাইদ আহমেদ পলকের বাসভবনের দিকে এগিয়ে যায় এবং ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করে শতাধিক বিক্ষুব্ধ জনতা। এছাড়াও সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাড়ি ও কার্যালয় ভাঙচুর করার খবর পাওয়া গেছে। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা।





